ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জ ইউনিয়ন ও পূর্ব আজহার রোডের ধলীগৌরনগর ইউনিয়ন সংযোগ সড়কের একটি সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনায় চালক নাইম নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বালুভর্তি ট্রাকটি সংযোগ সড়কের সেতু পার হওয়ার সময় হঠাৎ সেতুর একটি অংশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু ভেঙে খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় চালক নাইম ট্রাক ও ভাঙা সেতুর নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। দীর্ঘ চেষ্টার পর চালক নাইমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত হেলপারকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা ঝুঁকিপূর্ণ সেতুগুলো দ্রুত সংস্কার ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।
এনজে