
দেশের তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী ও মিড-লেভেল কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের পৃথক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো— বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইপিবির সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফ।
চুক্তির আওতায় আগামী তিন অর্থবছর— ২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯ মেয়াদে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ সময়ে মোট ২২ হাজার ৮১৫ জনকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে বিজিএমইএ ও বিকেএমইএ-এর ব্যবস্থাপনায় পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের জন্য পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ এবং বিইউএফটি-এর ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ছয় মাস মেয়াদি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণ কর্মসূচির ব্যয় বহন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল।
প্রশিক্ষণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা, আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য উৎপাদন এবং দক্ষ কর্মকর্তা তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য রপ্তানি গন্তব্যের কমপ্লায়েন্স ও ‘রুলস অব অরিজিন’ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, দেশে বর্তমানে স্যুট ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে। তাই বেসিক ওভেন মেশিনারি পরিচালনার পরিবর্তে সার্কুলার মেশিন ও কমপ্লায়েন্সসংক্রান্ত বিষয় প্রশিক্ষণ মডিউলে অন্তর্ভুক্ত করা হলে তা আরও যুগোপযোগী ও ফলপ্রসূ হবে।
বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, প্রশিক্ষণ কর্মসূচি পুনরায় চালুর ফলে পোশাক কারখানার শ্রমিক-কর্মচারী থেকে কর্মকর্তা পর্যায় পর্যন্ত সবাই উপকৃত হবেন।
ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রশিক্ষণ মডিউলের আধুনিকায়ন, মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রমের মনিটরিং জোরদার এবং প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান শিল্পে কীভাবে কাজে লাগছে, তা মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি সরকারি অর্থায়নে পরিচালিত প্রশিক্ষণ কার্যক্রমে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে ইপিবির মহাপরিচালক ও সিএমসি প্রধান মো. রুহুল আমিন, বিইউএফটি-এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আইয়ুব নবী খানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের পোশাক খাতের আধুনিকায়ন ও রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএইচ