
বীমা খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গ্রাহকদের প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া দাবি পরিশোধে একটি 'ওয়ান-টাইম বেইল-আউট প্যাকেজ' বা বিশেষ আর্থিক সহায়তার কথা বিবেচনা করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। তবে সরকারের কাছে এই প্রস্তাব নিয়ে যাওয়ার আগে কোম্পানি ও নিয়ন্ত্রক সংস্থা উভয়কেই ভবিষ্যতে এমন সংকট আর না হওয়ার শতভাগ গ্যারান্টি দিতে হবে।
শনিবার (২৭ মে) রাজধানীর একটি হোটেলে ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এসব কথা বলেন। খাতের টেকসই উন্নয়নে তিনি ৩টি প্রধান স্তম্ভের ওপর ভিত্তি করে একটি সংস্কার কাঠামো তুলে ধরেন—জনআস্থা ফিরিয়ে আনা, বীমাকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা এবং খাতের সক্ষমতা বাড়ানো।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, "আমাদের ডেটা অনুযায়ী দেশে বর্তমানে বকেয়া দাবির পরিমাণ প্রায় সাত হাজার কোটি টাকা। সব কোম্পানির সমস্যা এক নয়। কোনো কোম্পানির অ্যাসেট বিক্রি আটকে আছে, কারও টাকা ব্যাংকে এফডিআর হিসেবে আটকে আছে। আমরা প্রতিটি কোম্পানির সাথে আলাদা বসবো। তবে মুভিং ফরওয়ার্ড এমন লুটপাট বা সংকট আর হবে না—কোম্পানি লেভেল থেকে আমাদের এই অ্যাসুরেন্স দিতে হবে।"
নিজেদের দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, "আমাদের রেগুলেটরি ওভারসাইট খুবই উইক ছিল। ১ বছর আগের পুরানো ডেটা দিয়ে কমপ্লায়েন্স বেসড সুপারভিশন করা ৬০-এর দশকের মেকানিজম, যা দিয়ে বর্তমানের দ্রুত পরিবর্তনশীল খাত নিয়ন্ত্রণ সম্ভব না। আমরা দ্রুত 'রিস্ক বেসড সুপারভিশন' এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে যাচ্ছি।"
বীমা খাতকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শ্রেণী হিসেবে প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি জানান, পুঁজিবাজারে গভীরতা বাড়াতে বীমা খাত বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে ভূমিকা রাখবে। এছাড়া জলবায়ু ঝুঁকি মোকাবিলা ও ক্ষুদ্রঋণের চ্যানেল ব্যবহার করে মাইক্রো-ইন্স্যুরেন্স চালুর আইনি কাঠামো ঠিক করা হবে। পাশাপাশি, দক্ষ জনবল তৈরিতে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে বীমা শিক্ষা যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
আইআরএফ সভাপতি গোলাম মওলার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশ (বিআইএ) সভাপতি সাঈদ আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বিএম ইউসুফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহিদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক যুগান্তরের বিজনেস এডিটর মনির হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক ও আইআরএফ’র সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন।
বিএইচ