চলতি ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট তৈরি পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ। অপ্রচলিত বাজারগুলোতে আগের বছরের তুলনায় যা কমেছে ৪ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে এ বাজারে রপ্তানি আয় ৬ দশমিক ৪৪ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ৬ দশমিক ১৬ বিলিয়ন ডলারে।
সার্বিকভাবে বিশ্ববাজারে বাংলাদেশের মোট পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের অংশও ১৬ দশমিক ৩৬ শতাংশ থেকে কমে ১৫ দশমিক ৯৩ শতাংশে নেমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ পরিসংখ্যান জানা যায়।
আলোচিত সময়ে নিটওয়্যার রপ্তানি ৫ দশমিক ৮৭ শতাংশ কমে ৩ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ০৬ বিলিয়ন ডলারে নেমেছে। আর ওভেন পোশাক রপ্তানি ২ দশমিক ৬০ শতাংশ কমে ৩ দশমিক ১৯ বিলিয়ন ডলার থেকে ৩ দশমিক ১০ বিলিয়ন ডলারে দাঁড়ায়।
ইপিবি জানায়, ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের ৪৮ দশমিক ২৮ বিলিয়ন ডলার থেকে ০ দশমিক ৫৮ শতাংশ কম।
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক (আরএমজি) শিল্প ২০২৫–২৬ অর্থবছরে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের অর্থবছরের ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার থেকে ১ দশমিক ৬৪ শতাংশ কম।
এর মধ্যে নিট পোশাক রপ্তানি ২ দশমিক ৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬২ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক রপ্তানি ০ দশমিক ৬১ শতাংশ কমে হয়েছে ১৮ দশমিক ০৭ বিলিয়ন ডলার।
এনজে