
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রধান প্রধান পণ্যগুলো থেকে রপ্তানি আয় হয়েছে ৪৪ হাজার ১৬৭ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানি আয়ের ৯১ দশমিক ৪৮ শতাংশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান। সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
মন্ত্রী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে বিশ্বের ২০২টি গন্তব্যে বাংলাদেশের ৮১২টি পণ্য (এইচএস কোড চার ডিজিট) রপ্তানি হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশের পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় এমন উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস, পোল্যান্ড, ভারত, ইতালি, কানাডা, জাপান, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, সুইডেন, বেলজিয়াম, চীন, তুরস্ক, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং রাশিয়া।
বাংলাদেশের প্রধান প্রধান রপ্তানি পণ্যের বিবরণ দিয়ে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই-জুন) রপ্তানি হওয়া উল্লেখযোগ্য পণ্যের মধ্যে রয়েছে—ওভেন পোশাক, নিটওয়্যার, হোম টেক্সটাইল, হিমায়িত ও জীবন্ত মাছ, কৃষিজাত পণ্য, পাট ও পাটজাত দ্রব্য, চামড়া-চামড়াজাত পণ্য ও পাদুকা এবং প্রকৌশল দ্রব্যাদি।
বিএইচ