স্পেনের দক্ষিণ-পূর্ব আলমেরিয়া প্রদেশের লস গালার্দোসে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দেশটির আন্দালুসিয়ার আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আরো ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর লস গালারদোসের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে।
আঞ্চলিক সরকারের প্রধান হুয়ানমা মোরেনো এই মৃত্যুগুলোকে মর্মান্তিক ঘটনা বলে অভিহিত করেছেন। প্রাথমিকভাবে ছয়জনের মৃত্যুর খবর ঘোষণার পর তিনি টুইটারে লেখেন, ‘আমাদের হৃদয় ভারাক্রান্ত এবং আমরা শোকে বিধ্বস্ত।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিঁড়ে পড়া একটি বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত নিকটবর্তী একটি জঙ্গলে ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ আগুন লাগার কারণ এখনো নিশ্চিত করেনি।
আগুনে পুড়ে যাওয়া কয়েকটি গাড়ির ভেতর থেকে কয়েকজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রার এক দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে দক্ষিণ ইউরোপজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। ফ্রান্স, পর্তুগাল ও স্পেনে শত শত দমকলকর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
এনজে