চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয় শ্রমিক। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দিদারুল আলম (৩২)। তারা দুজনই কনফিডেন্স লবণ কারখানার শ্রমিক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আলম ও দিদারুল আলম মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১০ শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়া শ্রমিকদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা গুরুতর।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুনের সূত্রপাত হয়। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এনজে