
রাজধানীর পুরানা পল্টন কলেজে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র আল-কুরআন বিনামূল্যে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ইসলামের মহান আদর্শ প্রচার, কুরআনের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র কুরআনের সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিন্টু আনোয়ার।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা সাদিকুর রহমান আযহারী, সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাফিজুর রহমানী, অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এমাদুদ্দিন মাদানীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল কুরআন বিনামূল্যে বিতরণ নয়; বরং মানুষের জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের পরিবেশ সৃষ্টি করা। কুরআন একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আর একজন আদর্শ মানুষ একটি সমাজকে বদলে দিতে পারে।’
সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা লুৎফর রহমান বলেন, সমাজে কুরআনের চর্চা যত বাড়বে, নৈতিক অবক্ষয়, হিংসা-বিদ্বেষ ও সামাজিক অস্থিরতা ততই কমবে। তিনি সবাইকে কুরআনের শিক্ষা নিজে অনুসরণ করার পাশাপাশি অন্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, ইনসাফ, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কুরআনের শিক্ষা অনুসরণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই আল ওয়াহদাহ ফাউন্ডেশন ধারাবাহিকভাবে দ্বীনি শিক্ষা, দাওয়াহ ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। ভবিষ্যতে ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণমূলক কার্যক্রম আরও ব্যাপক পরিসরে পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেছে ফাউন্ডেশন কর্তৃপক্ষ।
বিএইচ