‘বাংলা কিউআর’ ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিতে রূপালী ব্যাংকের প্রচারণা
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৬ ০৯:৩৬:৫০
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত সর্বজনীন কিউআর কোডভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ সম্পর্কে গ্রাহক ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাব, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, শ্যামলী, মিরপুর ও পল্লবী এলাকায় এ প্রচারণা চালানো হয়। কর্মসূচির অংশ হিসেবে দোকানদার, ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে ‘বাংলা কিউআর’-এর সুবিধা, ব্যবহারবিধি ও গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলা কিউআর’ দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় একটি যুগান্তকারী উদ্যোগ। একটি কিউআর কোডের মাধ্যমে সহজে ও নিরাপদে অর্থ পরিশোধ করা যায়। এর ফলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমে এবং লেনদেনের স্বচ্ছতা ও নিরাপত্তা বাড়ে।
তিনি আরও বলেন, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার যত বাড়বে, ক্যাশলেস লেনদেন তত সম্প্রসারিত হবে। এ বিষয়ে গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল আর্থিক সেবার প্রসারে রূপালী ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর, মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও তানভীর হাসনাইন মইন, চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া ব্যাংকের ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়, জোনাল অফিস ঢাকা সেন্ট্রাল এবং ধানমন্ডি করপোরেট, হাতিরপুল, এলিফ্যান্ট রোড, সায়েন্সল্যাবরেটরি, ঢাকা লেডিস, নিউ মার্কেট, আসাদগেট, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, মিরপুর ও পল্লবী শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রচারণায় অংশ নেন।
রূপালী ব্যাংক জানিয়েছে, ‘বাংলা কিউআর’-এর ব্যবহার বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন সম্প্রসারণ এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













