শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
‘বাংলাদেশে জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি’
প্রকাশিত - জুলাই ১, ২০১৭ ৫:০৫ পিএম

[caption id="attachment_38571" align="alignleft" width="600"]
ফাইল ছবি[/caption]
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিরা দুর্বল হলেও এখনো নির্মূল হয়নি।’ আজ শনিবার রাজধানীর গুলশানের হলি আর্টিজান রোস্তরাঁয় হামলার এক বছর উপলক্ষে সেখানে জঙ্গিদের হাতে নিহত দেশি-বিদেশি নাগরিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শুধু আইন-শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনীর ওপর নির্ভর করলে চলবে না। আমাদের জনগণকে সঙ্গে নিয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশে জঙ্গিরা দুর্বল হয়েছে, তবে এখনও পুরোপুরিভাবে নির্মূল হয়নি।
এর আগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল হলি আর্টিজানের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ও পুলিশ যৌথভাবে জঙ্গি দমনে সফলতা পেয়েছে। প্যারিসের পুলিশ যেটা পারেনি বাংলাদেশের পুলিশ সেটা করে দেখিয়েছে। জঙ্গিবাদ দমনে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে একটি প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। -বাসস
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.