গৃহায়ন প্রতিমন্ত্রী

উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-২৮ ১৮:৪২:০৮


গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ না হলে কিংবা কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রকল্পের টেন্ডার বাতিলের পাশাপাশি দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন প্রকল্পের অগ্রগতি বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সততা ও স্বচ্ছতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম গ্রহণযোগ্য হবে না। প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে হচ্ছে কি না, তা তদারকির জন্য কর্তৃপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি একটি নিরপেক্ষ তৃতীয় পক্ষের মাধ্যমেও মূল্যায়ন করা হবে।

তিনি আরও বলেন, উন্নয়নকাজে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে। একই সঙ্গে ঠিকাদারি ও নির্মাণকাজে যাতে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম না হয়, সে বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

আহম্মদ সোহেল মনজুর বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করে নতুনভাবে গড়ে তুলতে হলে সর্বোচ্চ মান বজায় রেখে, কম ব্যয়ে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে হস্তান্তর নিশ্চিত করতে হবে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম, সদস্য মো. আব্দুল গোফফার, প্রকৌশলী আবুল কাশেম মোহাম্মদ শাহজালাল মজুমদার, পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, মো. মেহেদী হাসানসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তা, প্রকৌশলী এবং নিবন্ধিত ঠিকাদারদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিএইচ