[caption id="attachment_33179" align="aligncenter" width="899"]
রাজশাহী বিশ্ববিদ্যালয়[/caption]
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সপ্তাহের শুক্রবার ও শনিবার ছুটিসহ অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা হবে বলে জানানো হয়। পরিবর্তিত সময়সূচি আগামী ১৬ জুলাই থেকে কার্যকর হবে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৬ জুলাই থেকে পরিবর্তিত সময়সূচি অনুযায়ী রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। দুপুর ১ টা ৩০ থেকে ২ টা ৩০ পর্যন্ত নামাজ ও মধ্যাহ্ন বিরতি। সাপ্তাহিক ছুটি হবে শুক্র ও শনিবার।
জানতে চাইলে জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. মশিহুর রহমান বলেন, ‘নতুন সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। এর মধ্যে দুপুরে খাওয়া ও নামাজের জন্য এক ঘণ্টা বিরতি থাকবে।’ বিভাগগুলো ক্লাস সময়গুলো বণ্টন করে নিজেরাই ঠিক করে নেবে বলেও জানান তিনি।
এর আগে ২০১৩ সালের ৪ জানুয়ারি অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে সাপ্তাহিক ছুটি বাড়িয়ে দুইদিন করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই বছর ফেব্রুয়ারিতে আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর সেই সিদ্ধান্ত আর কার্যকর করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর চলতি বছরের ৭ মে অধ্যাপক আব্দুস সোবহান আবারও উপাচার্যের দায়িত্বে এসে এ সিদ্ধান্ত কার্যকর করেন। এর আগে সাপ্তাহিক ছুটি একদিন (শুক্রবার) এবং দাপ্তরিক কার্যক্রম সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ছিল।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস