
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২০২৫-২৬ অর্থবছরে ভারত থেকে ৪৯ হাজার ৮৫০ টন টমেটো আমদানি হয়েছে। এসব টমেটোর আমদানি মূল্য প্রায় ৩১৩ কোটি ১৪ লাখ টাকা। তবে বিপুল পরিমাণ আমদানি হলেও সাতক্ষীরার স্থানীয় বাজারে এর প্রভাব তেমন দেখা যাচ্ছে না। সরবরাহ সীমিত থাকায় খুচরা বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে টমেটো।
বন্দর-সংশ্লিষ্ট সূত্র জানায়, কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনের পর বছরজুড়েই প্রয়োজন অনুযায়ী ভারত থেকে টমেটো আমদানি হয়েছে। শুল্ক ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে অধিকাংশ চালান সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরের পাইকারি বাজারে পাঠানো হয়। ফলে স্থানীয় বাজারে টমেটোর সরবরাহ তুলনামূলক কম থাকে।
সাতক্ষীরা শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে এর দাম ৮৫ থেকে ৯০ টাকা কেজি।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ২০২৫-২৬ অর্থবছরে ভোমরা বন্দর দিয়ে প্রায় ৩১৩ কোটি ১৪ লাখ টাকা মূল্যের ৪৯ হাজার ৮৫০ টন টমেটো আমদানি হয়েছে। আমদানির পর দ্রুত পণ্য খালাস করে গন্তব্যে পাঠানো হয়। তবে এগুলো স্থানীয় বাজারে কম বিক্রি হয়। অধিকাংশ টমেটো ঢাকা ও চট্রগ্রামের বাজারে চলে যায়। ফলে স্থানীয় বাজারে টমেটোর দামে কোনো প্রভাব পড়ছে না।
এনজে