শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় ঐতিহাসিক’
প্রকাশিত - জুলাই ৯, ২০১৭ ১১:০০ এএম


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের রায় ঐতিহাসিক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যেখানে একটি ফ্যাসিবাদী সরকার ক্ষমতাসীন, সেই প্রেক্ষাপটে এই রায় দেশের সকল শ্রেণির মানুষের মনের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মওদুদ বলেন, কাদের হাতে আমরা বিচারকদের অপসারণের দায়িত্ব দিতে চাই? এই সংসদ? যারা অধিকাংশই নির্বাচিত নন, তাদের কাছে? সরকার চেয়েছিল ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারবিভাগকে করায়ত্ত ও নতজানু করতে। যাতে করে উচ্চ আদালতও নিম্ন আদালতের মতো তাদের কথা শুনে, ভয় পায়, যাতে তারা সরকারের বিরুদ্ধে কোনো রায় না দেয়।
বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আইন করে সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করা হবে উল্লেখ করে তিনি বলেন, নিম্ন আদালতের বিচারকরা এখনো আইন মন্ত্রণালয়ের অধীনে থাকেন। বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে অর্জন সম্ভবপর হবে না যতদিন পর্যন্ত নিম্ন আদালতের সমস্ত নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা রক্ষা করার সমস্ত দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর অর্পিত না হবে।
নিম্ন আদালতের বর্তমান অবস্থা তুলে ধরে মওদুদ বলেন, যদিও বিচারবিভাগ পৃথক করা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে এখনো পৃথকীকরণ সম্ভবপর হয়নি। সেজন্য মাঝে মধ্যে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগ প্রশাসনের কাছে জিম্মি। মাঝে মাঝে তিনি ক্ষোভও প্রকাশ করেন।
আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, উনারা (সরকার) বলেছেন যে ষোড়শ সংশোধনী বাতিলের মধ্য দিয়ে আমরা প্রমাণ করলাম দেশে বিচার বিভাগের স্বাধীনতা আছে। অথচ আমাদের অ্যাটর্নি জেনারেল বললেন- এই রায়ে আমরা ক্ষুব্ধ হয়েছি। সমগ্র দেশ আনন্দিত হয়েছে আর উনি হতাশ হয়েছেন, কেন? তার মানে কী জ্বালা সইতে পারছেন না। ষোড়শ সংশোধনী বাতিলের রায় দশম সংসদের বিরুদ্ধে ‘চপেটাঘাত’ বলে মন্তব্য করেন মান্না।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়কে ‘বিচার বিভাগের স্বাধীনতার জন্য অতি গুরুত্বপূর্ণ পথ নির্দেশনা’ বলে মন্তব্য করেন।
স্বাধীনতা ফোরামের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিএনপি নেতা এ বি এম মোশাররফ হোসেন, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.