শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
‘জামিন পেলে তারা এক টাকাও দিবে না’
প্রকাশিত - জুলাই ১০, ২০১৭ ৩:৪৯ পিএম


সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা অর্থপাচারের মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনি এমডি ও চেয়ারম্যান জামিন পেয়ে একবার কারাগারের বাইরে আসলে তারা এক টাকাও দিবে না। টাকা দেওয়া তো দূরে থাক, তারা আরো বাইরে পাচার করবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে করা আবেদনের শুনানিকালে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে আজ সোমবার এ কথা বলে আপিল বিভাগ।
আপিল বিভাগ বলে, আপনি হলমার্কের চেয়ারম্যান জেসমিন আরার জামিন নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। ওই শর্তে উল্লেখ ছিল, প্রতি মাসে কয়েক কোটি টাকা পরিশোধ করবেন। কিন্তু পরিশোধ তো করেননি। বরং আদালতের আদেশের মধ্যে দিয়ে তা প্রত্যাহার করিয়েছেন। সেটাও আমাদের জানা।
গত বছরের ১৩ নভেম্বর ৩৫ লাখ গাছ বিক্রি করে ২৮শ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।
আদালত বলেছিল, এই টাকা দিতে পারলেই জামিন দেয়া হবে। আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে তারা আবেদন করে।
শুনানিতে ডেসটিনির এমডি রফিকুল আমিনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, আমি তো কারাগারে আছি। গাছ আছে গাছের জায়গায়। গাছ কি ছাগলে খেয়েছে, না মারা গেছে, তা তো আমি জানি না। দুই মাসের জন্য জামিন দিন।
এই পর্যায়ে আদালত বলে, আপনি একবার জামিন পেলে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে? ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, ১৪৭ কোটি টাকা। আদালত বলে, ব্যাংক স্টেটমেন্ট দাখিল করেন। বিষয়টি রবিবার শুনব।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.