
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীরা এ পর্যন্ত ১২ লাখ খাতা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছেন। সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। একই সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন এবার খাতা চ্যালেঞ্জের জন্য অসংখ্য আবেদন পড়েছে। গতকাল (রোববার) আমি খোঁজ নিয়েছি। যে অবস্থা জেনেছি, তাতে মনে হয় সব শিক্ষার্থীই খাতা পুনর্মূল্যায়ন করতে চায়। এভাবে তো হতে পারে না।
তিনি বলেন, আমরা ভাবছি খাতা পুনর্মূল্যায়নে নতুন নীতিমালা আনবো। জিপিএ কত পেলে পুনর্মূল্যায়ন করা যাবে কিংবা কী কী বিষয় থাকবে, তা আমরা জানাবো।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে সব শিক্ষাবোর্ড মিলিয়ে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এরপর ১১ আগস্ট থেকে খাতা চ্যালেঞ্জের আবেদন শুরু হয়। এ আবেদন প্রক্রিয়া শেষ হচ্ছে আজ ১৭ আগস্ট।
শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, সার্বিক দিক বিবেচনা করে এবং আবেদনের প্রবণতা দেখে এবার ১৩ লাখের মতো খাতা চ্যালেঞ্জ হতে পারে।
বিএইচ