
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এই সিদ্ধান্ত দেন তিনি।
সভায় ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি বিকল্প রুটের প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটকে তুলনামূলকভাবে সাশ্রয়ী ও কার্যকর বিবেচনা করে অনুমোদন দেওয়া হয়।
সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে ভোলার সঙ্গে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে সমন্বিত সড়ক অবকাঠামো গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি কিছু অংশে নতুন সড়ক নির্মাণ করা হবে। একই সঙ্গে তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্পটি বাস্তবায়নের আগে দ্রুত সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে।
সড়কটি নির্মাণ হলে ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহনও আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর ব্যাপক নির্ভরতা রয়েছে। সড়ক যোগাযোগ চালু হলে নৌপথের ওপর চাপ কমার পাশাপাশি ভোলার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ