শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয় : আনিসুল হক
প্রকাশিত - জুলাই ১৪, ২০১৭ ১০:৪৫ পিএম


ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার জন্য যেভাবে সিটি করপোরেশনকে দায়ী করা হচ্ছে, সেটার কোনো ভিত্তি নেই। কারণ, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। শুক্রবার উত্তর সিটি ভবনে সংস্থার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, যে এডিস মশার মাধ্যমে চিকুনগুনিয়া ছড়ায় তা ড্রেন, ময়লা-আবর্জনা কিংবা জলাশয়ে বংশবিস্তার করে না। এডিস মশা মূলত বাসা-বাড়ির ফ্রিজ ও এসির ট্রে, ফুলের টব, ছাদে জমে থাকা পরিষ্কার পানিতে জন্মায়। এ ছাড়া পড়ে থাকা ভাঙা হাঁড়ি, ক্যান, পরিত্যক্ত টায়ার ও বিশেষ করে নির্মাণাধীন ভবনে ব্যবহৃত চৌবাচ্চা এই মশার বংশবিস্তারের অন্যতম কারণ।
আনিসুল হক বলেন, আমার দ্বারা যতটুকু দরকার তার থেকেও বেশি ওষুধ দিচ্ছি। পাঁচদিন পর পর মশা নিধনের ওষুধ প্রয়োগের কথা কিন্তু আমরা তিনদিন পর পর প্রয়োগ করছি। অন্য সময়ের চেয়ে এটা দুই থেকে তিনগুণ প্রয়োগ চলছে। আমরা তিনটি ক্রাশ পোগ্রামের মাধ্যমে এটি করছি।
মেয়র বলেন, বর্তমানে মশা নিধনের জন্য উত্তর সিটির হস্তচালিত মেশিনের সংখ্যা ৩৮৭টি, ফগার মেশিন ২৫৫টি, হুইল ব্যারো মেশিন ১০টি এবং একটি ভ্যাহিক্যাল মাউন্টেড ফগার মেশিন রয়েছে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.