স্বামীর জীবন বাঁচাতে স্ত্রী নিজের একটি কিডনি দিয়েছিলেন নিঃসংকোচে। অস্ত্রোপচার শেষে বাঁচার নতুন স্বপ্ন ও আশা জেগেছিল। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেলেন প্রবাস ফেরত স্বামী দেলোয়ার হোসেন (৪২)।
ভালোবাসার এমন বিরল ও করুণ দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃহবধূ ও দুই সন্তানের জননী আকলিমা বেগম (২৬)।
ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের দক্ষিণ রূপসা গ্রামের পাঠান বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রবাসফেরত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে মারাত্মক ভাবে কিডনি জটিলতায় ভুগছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা দ্রুত কিডনি সংযোজনের কথা বলেন। স্বামীর এমন সংকটাপন্ন অবস্থায় বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের একটি কিডনি দিতে এগিয়ে আসেন দুই সন্তানের জননী আকলিমা।
গত ১৪ আগস্ট রাজধানীর ঢাকা শ্যামলী সিকেডি হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে আকলিমার কিডনি দেলোয়ারের শরীরে প্রতিস্থাপন করা হয়। অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন শারীরিক উন্নতির লক্ষণ দেখা গেলেও পরবর্তী সময়ে তার শরীরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত তীব্র জটিলতা দেখা দেয় এবং ১৮ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার মারা যান।
দেলোয়ার ও আকলিমা দম্পতির ঘরে আফরিন জান্নাত ইরা (১১) ও আশুরা জাহান ইভা (৪) নামের দুটি কন্যাসন্তান রয়েছে।
এনজে