
বিরোধীদলের সংসদ সদস্যদের প্রশ্নকে ‘শাহবাগ স্কয়ার’ ও ‘পল্টন ময়দানের বক্তৃতা’ বলার পর তীব্র হট্টগোল তৈরি হলে সেই বক্তব্য প্রত্যাহার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?’
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিনই উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যকে ঘিরে জাতীয় সংসদে ব্যাপক উত্তেজনা তৈরি হয়।
এ সময় বিরোধীদলের তীব্র প্রতিবাদের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ‘শেল্টার’ চান। স্পিকারও তাদের থামাতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আই উইথড্র-আই উইথড্র, এবার আপনারা খুশি?
স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন—এমন অভিযোগে তীব্র আপত্তি জানান বিরোধীদলের সদস্যরা। বিরোধীদলের আপত্তি, হইচই, হট্টগোলে প্রায় ১০ মিনিট সংসদে কার্যত অচলাবস্থা ছিল। বিরোধীদলের আপত্তিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্য প্রত্যাহার করার কথা জানালেও পরিস্থিতি তাৎক্ষণিক শান্ত হয়নি। বারবার চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করতে না পেরে এক পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত।
বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, শাহবাগ স্কয়ারে বক্তৃতা দেওয়া আর পার্লামেন্টে বক্তৃতা দেওয়া এক কথা না।
তার এ কথায় বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। তারা হাসনাত আব্দুল্লাহসহ একাধিক সদস্যের প্রশ্নের উত্তরে এভাবে কথা বলার প্রতিবাদ করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলি নাই।
বিএইচ