
দীর্ঘ চার মাস পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। সোমবার বিকেল ৪ টায় শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আগামী চার বছর তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ এ (সংশোধিত) ১৩(১) ধারা অনুযায়ী এ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আনন্দ কুমার সাহাকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করতে সম্মতি জ্ঞাপন করেছেন।’
প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপ-উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজন মনে করলে এর পূর্বেই এ নিয়োগাদেশ বাতিল করতে পারবেন।
এদিকে বিকেল সাড়ে চারটায় আনন্দ কুমার সাহা নিজ দপ্তরে যোগদান করেন। দায়িত্ব গ্রহনের পর তিনি বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। আগামীতে আপনাদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব।’এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান, ছাত্র উপদেষ্টা মো. মিজানুর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক মো. মশিহুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পা-েসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহনের পর তিনি বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
অধ্যাপক আনন্দ কুমার সাহা বর্তমানে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাবি শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ ২০১৭ তারিখে অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের উপ-উপাচার্যের দায়িত্বকাল শেষ হওয়ার পর থেকেই পদশূণ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শীর্ষ এ পদটি।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস