
দেশে বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির বাজার সম্প্রসারণের উদ্যোগের অংশ হিসেবে চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির (BYD) সঙ্গে যৌথভাবে স্থানীয়ভাবে গাড়ি সংযোজন প্রকল্প করতে চায় রানার অটোমোবাইলস পিএলসি। এ প্রকল্পের অর্থায়নে সর্বোচ্চ ২৫০ কোটি টাকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। এ জন্য ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে নিয়োগ দিয়েছে রানার অটোমোবাইলস।
গত ২৫ আগস্ট দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন রানার অটোমোবাইলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নজরুল ইসলাম, এফসিএ এবং গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। এ সময়ে অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে মূলধন সংগ্রহের কাঠামো নির্ধারণ, লেনদেন বাস্তবায়ন এবং প্রয়োজনীয় অর্থ সংগ্রহের পুরো প্রক্রিয়ায় রানার অটোমোবাইলসকে পরামর্শ দেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল। পাশাপাশি প্রেফারেন্স শেয়ার ইস্যুর লিড অ্যারেঞ্জার হিসেবেও প্রতিষ্ঠানটি কাজ করবে।
কোম্পানি সূত্রে জানা গেছে, বিওয়াইডির সঙ্গে সহযোগিতার অংশ হিসেবে বাংলাদেশে স্থানীয়ভাবে তাদের গাড়ি সংযোজনের (CKD) কার্যক্রম এগিয়ে নিচ্ছে রানার। প্রস্তাবিত অর্থায়ন এ প্রকল্পের বিনিয়োগ ও সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে। এর মধ্যে উৎপাদন অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং পরিচালন সক্ষমতা গড়ে তোলার বিষয়গুলো রয়েছে।
রানার অটোমোবাইলসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে স্থানীয় সংযোজনের ফলে তুলনামূলক সাশ্রয়ী দামে নতুন বিওয়াইডি গাড়ি ভোক্তাদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদন ও সংযোজন সক্ষমতা গড়ে উঠলে দেশের অটোমোবাইল শিল্পের বিকাশেও তা ভূমিকা রাখতে পারে।
তবে প্রস্তাবিত প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। প্রয়োজনীয় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পরই লেনদেনটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হবে।