
সংসদীয় ব্যবস্থার আধুনিকায়ন, ই-পার্লামেন্ট ব্যবস্থা চালু এবং সংসদীয় কূটনীতির ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় কূটনীতি, তথ্যপ্রযুক্তির ব্যবহার, সংসদীয় কার্যক্রমের আধুনিকায়ন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।
বৈঠকের শুরুতে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী স্থপতি লুই আই কানের নকশায় নির্মিত বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলীর ভূয়সী প্রশংসা করেন। দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক স্বার্থের বন্ধনে আবদ্ধ।
বিদ্যমান সম্পর্ককে আরও এগিয়ে নিতে সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন হাইকমিশনার। দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত মতবিনিময় ও সফর দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ভারতের পার্লামেন্টকে একটি আধুনিক পার্লামেন্ট হিসেবে উল্লেখ করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বাংলাদেশ ইতোমধ্যে ই-পার্লামেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে। এর সফল বাস্তবায়নে ভারতের প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতা প্রত্যাশা করে বাংলাদেশ।
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে পাওয়াকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন ডেপুটি স্পিকার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় যোগাযোগ এবং বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে তিনি কার্যকর সেতুবন্ধ তৈরি করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ডেপুটি স্পিকার আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সংসদীয় কূটনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি হলে তা দুই দেশের জন্য অভিজ্ঞতা বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।
বৈঠকে উভয় পক্ষই জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং পারস্পরিক আস্থা, স্থিতিশীলতা ও বিশ্বাসের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচ