ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরের কাছে আল-মুঘাইয়ের গ্রামে হামলা চালিয়ে দুই ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। নিহতদের বয়স ১৬ ও ১৯ বছর বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওই অঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা বৃদ্ধির মধ্যেই বুধবার (২ সেপ্টেম্বর) এই মৃত্যুর ঘটনা ঘটে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ কর্মকর্তা ও এক ইসরায়েলি বেসামরিক নাগরিককে নিরাপত্তা দিতে তাদের বাহিনী আল-মুঘাইয়েরে প্রবেশ করেছিল। সে সময় পাথর ছুড়ে মারায় ‘উস্কানিদাতাদের’ লক্ষ্য করে গুলি চালানো হয়। পুরো ঘটনাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে বলে দাবি করেছে তারা।
গত আগস্টে কুসরা গ্রামে বসতি স্থাপনকারীদের অবরোধ বিশ্বজুড়ে নিন্দিত হওয়ার পরও পশ্চিম তীরে এই হামলা ও সহিংসতা থামেনি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার ১৯৬৭ সালে দখল করা পশ্চিম তীরে বসতি স্থাপনের কাজ দ্রুত গতিতে বাড়িয়ে চলেছে। ইতিমধ্যেই সেখানে বহু নতুন বসতি ও চৌকি স্থাপন করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর মতে, ফিলিস্তিনি গ্রামগুলোর আশপাশে বসতি স্থাপনকারীদের এই উপস্থিতি ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলের এক পরিকল্পিত প্রচেষ্টা, যা একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে আরো সংকুচিত করছে।
এনজে