
বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।
এ সময় বাংলাদেশ ও চীনের মধ্যে বিদ্যমান সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার ও সুদৃঢ় করার বিষয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত পেশাগত প্রশিক্ষণ, সামরিক শিক্ষা বিনিময় এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আধুনিক সামরিক চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রশিক্ষণ সহযোগিতা আরও বাড়ানো হলে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রা পাবে বলে বৈঠকে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন। একই সঙ্গে ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অন্যদিকে, চীনের রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতিরক্ষা খাতের আধুনিকায়নে চীনের অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা সহযোগিতা আরও নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিএইচ