
ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ঘোষিত লংমার্চ কর্মসূচি সফল করতে এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মহানগরী দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা রাজধানীর গোলাপ শাহ মাজার মসজিদ থেকে লিফলেট বিতরণ শুরু করেন। পরে তারা গুলিস্তান এলাকায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণ-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, একই দিনে দুটি নির্বাচন হলেও বিএনপি ক্ষমতার জন্য একটি মেনে নিলেও সংস্কারের জন্য আরেকটি মেনে নেয়নি। বিএনপি রাষ্ট্র সংস্কার চায় না বলেই গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ জনগণের গণরায় উপেক্ষা করেছে।
তিনি বলেন, রাষ্ট্র সংস্কার হলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে ফ্যাসিবাদের পুরোনো পথে যাত্রা শুরু করেছে। ক্ষমতার জোরে আজ বিএনপি গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলেও একদিন তাদেরই জুলাই সনদের দাবিতে আন্দোলন করতে হবে।
বিএনপির অতীতের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সহজে মেনে না নিয়ে বিএনপি নিজেদের এবং দেশের যে ক্ষতি করেছে, একইভাবে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করেও তারা নিজেদের ও দেশের ক্ষতি করছে।
তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বিএনপি একসময় বলেছিল, ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।’ পরবর্তীতে বিএনপিকেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করতে হয়েছে।
ছয় দফা দাবি তুলে ধরে ড. হেলাল উদ্দিন বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন’, ‘জুলাই গণহত্যার বিচার’, ‘বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন’, ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ’, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন’ এবং ‘সংকীর্ণ দলীয়করণ বন্ধ’—এই ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিনি ঢাকাবাসীকে লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, এই ছয় দফা দাবি ১১ দলীয় ঐক্যের স্বার্থে নয়, জনগণের স্বার্থে। এসব দাবি আদায়ে ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে ভূমিকা রাখবে। সরকার জনগণের গণদাবি সংসদে মেনে না নিলে রাজপথেই ছয় দফা দাবি আদায় করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্রমন্ত্রী পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তিনি নিজের মন্ত্রণালয়ে ব্যর্থ হলেও অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের দায়িত্ব পালনে মরিয়া। নিজের মন্ত্রণালয়ে ব্যর্থ হয়ে অন্য মন্ত্রীদের পক্ষে সংসদে ও সংসদের বাইরে বক্তব্য দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ‘সবজান্তা সর্বমন্ত্রী’ হিসেবে জাতির কাছে হাস্যরসে পরিণত হয়েছেন।
আগামী শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চে অংশগ্রহণের জন্য ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়ে গুলিস্তান এলাকায় লিফলেট বিতরণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
এ সময় সংগঠনের ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, শাহবাগ পূর্ব থানা আমীর আহসান হাবীবসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএইচ