
আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সবাই একসঙ্গে থাকব— এই প্রতিজ্ঞা আজ আমাদের করতে হবে। আমরা অশুভ শক্তিকে দূরে সরিয়ে সৌন্দর্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ তৈরি করব। এটাই জন্মাষ্টমী উপলক্ষ্যে আমাদের মূল প্রতিজ্ঞা বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ শহরের শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ি প্রাঙ্গণে আয়োজিত ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী রিতা বলেন, আপনারা সবাই জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রত্যেক মানুষকে একইভাবে দেখেন। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান— কোনো বিবেচনা করা হয় না। একটাই পরিচয়— আমরা বাংলাদেশি। এটাই আমাদের বড় পরিচয় এবং এই পরিচয় নিয়েই আমরা থাকব সবাই।
তিনি বলেন, এই যে আমাদের সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ ও বৈচিত্র্যময় বাংলাদেশের মানচিত্র আমাদের সবাইকে ধরে রাখতে হবে। এর মাধ্যমে আমরা শক্তি অর্জন করছি। এই সম্প্রীতি যেন সারা জীবন ধরে রাখতে পারি।
মানিকগঞ্জবাসীর উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, আমরা একে অপরের বন্ধু হয়ে, একে অপরের ভাই হয়ে, একে অপরের বিপদে সব সময় থাকবো এবং মানিকগঞ্জ জেলা বারবার প্রমাণ করে দেবে একমাত্র মানিকগঞ্জ জেলা যেখানে কোন বিভেদ নেই। ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানিকগঞ্জ জেলা। এখানে একটাই পরিচয় আমরা মানিকগঞ্জবাসী। আমরা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সমর্থক এটা আমাদের বড় পরিচয়।
তিনি আরও বলেন, এই জন্মাষ্টমীর দিনে সবার কাজ হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি অর্জন করা। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। আমরা সবাই একে অপরের পাশে থাকব। এতে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা শাখার বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
বিএইচ