বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিনদিন বাড়ছেই। এমন অবস্থায় ২৬৭ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং।
বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। অন্যদিকে বায়ুমান স্কোর ৮৮ নিয়ে তালিকার ১৫ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের এই মান ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়।
আজ শনিবার সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ২৬৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। এ ছাড়া, ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে চীনের চেংডু, ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর সিটির স্কোর ১২৩।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান।
আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এনজে