বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে বাড়ি ফেরার পথে কুষ্টিয়ায় ট্রাকচাপায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নূরে আলম জিকু দৌলতপুর উপজেলার শান লালনগর এলাকার জামিন দোকানদারের ছেলে। তিনি মাগুরায় ব্যবসা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে জিকু তার ভায়রা ভাই আকিদুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মাগুরা থেকে নিজ বাড়ি দৌলতপুরের উদ্দেশে রওনা হন। পথে সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়।
এ সময় জিকু সড়কে ছিটকে পড়লে পেছন থেকে আসা আরেকটি ট্রাক তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূরে আলম জিকুর মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আহত আকিদুল ইসলামকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এনজে