
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যাসিবাদকে মাথা তুলে আর দাঁড়াতে দেওয়া হবে না। তারা আমাদের সন্তানদের বুকে গুলি চালিয়েছে, ১৭ বছর ধরে জেল-জুলুম চালিয়েছে। কোনো ধরনের দমন-পীড়ন বা সন্ত্রাসী কার্যক্রম বরদাশত করা হবে না। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সরকার দৃঢ় অবস্থানে রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সক্রিয় ও জনবান্ধব ভূমিকা পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করাতে হবে। একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন তিনি।
তিনি বলেন, গত ১৭-১৮ বছরে দেশের মানুষের মধ্যে শুধু না পাওয়ার বিষয়টিই তৈরি হয়েছে। আমরা পেয়েছি খুবই কম। এখন মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।
এর আগে প্রতিমন্ত্রী জেলা যুব কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেখানে চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি উপজেলার একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন।
এসময় লালপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা যুব কমপ্লেক্সের ডিপিসি ইকবাল হোসেন চপলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএইচ