
আজ মঙ্গলবার রাত থেকেই শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট কাটিয়ে সরবরাহ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন এফবিসিসিআই প্রশাসক ফজলুল হক।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিজিএমইএ, মেট্রো চেম্বার, আইসিসিবি, ঢাকা চেম্বার, বিটিএমএ, বিকেএমইএসহ ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে তিনি এ কথা জানান।
ফজলুল হক বলেন, আগস্টে সংকট ঘনীভূত হওয়ার আগের অবস্থায় গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে বড় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিদ্যুৎ সংকট মোকাবিলায় পাঁচটি টার্মিনাল নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও কয়লার সমন্বিত ব্যবস্থার পাশাপাশি সৌরশক্তিকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আগামী দিনে বিদ্যুৎ খাতকে আরও বৈচিত্র্যময় ও জ্বালানি ব্যবস্থাকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।