রাজধানী ঢাকার বনশ্রীতে দুই বাসের চাপায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা তাসপিয়া আহমেদ তিশা (৩১) নিহত হয়েছেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তাসপিয়া আহমেদ তিশা চাঁদপুর শহরের প্রফেসর পাড়ার বাসিন্দা। তিনি রোটারিয়ান সফিউদ্দিন আহমেদের মেয়ে এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আফতাবনগর শাখায় শিক্ষকতা করতেন। তিশা ঢাকার খিলগাঁওয়ের মেরাদিয়া নোয়াপাড়ায় বসবাস করতেন।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, রমজান পরিবহন ও আরেকটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাসপিয়া আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে রাত নয়টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এসআই অনয় চন্দ্র পাল আরও বলেন, রমজান পরিবহনের একটি বাসসহ দুটি বাস জব্দ করা হয়েছে। বাস দুটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
তাসপিয়ার ভাই এনাম আহমেদ বলেন, তাঁর বোন ব্যাক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন। সন্ধ্যায় তিনি খবর পান, ফরাজী হাসপাতালের সামনে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে দুই বাসের চাপায় তাঁর বোন দুর্ঘটনার শিকার হয়েছেন। খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেলে এসেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা বনশ্রীর একটি টেইলার্সের মালিক মো. মূসা বলেন, তাসপিয়া তাঁর দোকান থেকে নিয়মিত কাপড় তৈরি করাতেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আগামীকাল তাঁর কক্সবাজারে বেড়াতে যাওয়ার কথা ছিল। অথচ আজ সন্ধ্যায় সড়কে তাঁর রক্তাক্ত নিথর দেহ দেখতে হয়েছে। পরে তিনি তাসপিয়ার পরিবারের সদস্যদের খবর দেন।
তিশা আহমেদের মৃত্যুতে চাঁদপুরের রোটারি অঙ্গন, সামাজিক ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। একজন বাবার কাছে সন্তানের মৃত্যু যে কতটা অসহনীয়, তিশার অকালমৃত্যু যেন তারই নির্মম বাস্তবতা। যে সন্তানকে ঘিরে পরিবারের ছিল ভালোবাসা, স্বপ্ন ও ভবিষ্যতের নানা পরিকল্পনা, একটি দুর্ঘটনা মুহূর্তেই সবকিছু থমকে দিয়েছে।
তিশার এই মর্মান্তিক মৃত্যু আবারও মনে করিয়ে দিল। সড়কে সামান্য অসতর্কতাও মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারে একটি প্রাণ এবং একটি পরিবারের সব স্বপ্ন।
এনজে