শরীয়তপুর সদর উপজেলার কীর্তিনাশা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে গিয়ে ইয়াসিন সরদার (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আড়িগাঁও এলাকায় তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা চলাকালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ইয়াসিন সরদার পালং মডেল থানার তুলাসার ইউনিয়নের পূর্ব আড়িগাঁও গ্রামের শাজাহান সরদারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে কীর্তিনাশা নদীতে আয়োজিত নৌকা বাইচ দেখতে বিপুলসংখ্যক মানুষ নদীর দুই পাড় ও বিভিন্ন নৌযানে অবস্থান নেন। ইয়াসিনও নৌকা বাইচ উপভোগ করতে একটি ট্রলারে অবস্থান করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীতে পড়ে নিখোঁজ হয়।
ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তবে কীর্তিনাশা নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, নিখোঁজ কিশোরকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। নদীতে স্রোত বেশি থাকায় সতর্কতার সঙ্গে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে ইয়াসিনের নিখোঁজের ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এনজে