
কোষ্ঠকাঠিন্য খুব পরিচিত একটি সমস্যা। নিয়মিত মলত্যাগ না হওয়া, পেট পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতি, পেট ফাঁপা কিংবা ভারী লাগা-এসব কারণে দৈনন্দিন জীবনেও অস্বস্তি তৈরি হতে পারে। অনেক সময় অনিয়মিত খাদ্যাভ্যাস ও কম পানি পান এই সমস্যাকে আরও বাড়িয়ে দেয়।
কোষ্ঠকাঠিন্য কমাতে পর্যাপ্ত পানি পান করার পাশাপাশি খাদ্যতালিকায় আঁশযুক্ত খাবার রাখা গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার নিয়মিত খাওয়ার অভ্যাস হজমপ্রক্রিয়া স্বাভাবিক রাখতে এবং মলত্যাগ সহজ করতে সহায়তা করতে পারে। এমন তিনটি খাবার হলো:
কাঁচা পেঁপে
কাঁচা পেঁপেতে রয়েছে প্যাপেইন নামের হজমকারী এনজাইম ও পর্যাপ্ত খাদ্যআঁশ। এসব উপাদান হজমপ্রক্রিয়াকে সহায়তা করে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে ভূমিকা রাখতে পারে। নিয়মিত খাবারের তালিকায় কাঁচা পেঁপে রাখলে কোষ্ঠকাঠিন্য কমাতে উপকার পাওয়া যেতে পারে।
ভেজানো কিশমিশ
কিশমিশে থাকা সরবিটল ও খাদ্যআঁশ মল নরম করতে এবং মলত্যাগ সহজ করতে সহায়তা করতে পারে। রাতে পানিতে ভিজিয়ে রাখা কিশমিশ সকালে খাওয়ার অভ্যাস অনেকের জন্য উপকারী হতে পারে। তবে এর পাশাপাশি পর্যাপ্ত পানি পান করাও জরুরি।
শুকনো আলুবোখারা
কোষ্ঠকাঠিন্য কমাতে শুকনো আলুবোখারা বা প্রুন বেশ পরিচিত একটি খাবার। এতে দ্রবণীয় ও অদ্রবণীয়—দুই ধরনের খাদ্যআঁশ রয়েছে। অদ্রবণীয় আঁশ মলের পরিমাণ বাড়াতে সাহায্য করে, আর দ্রবণীয় আঁশ মলকে নরম রাখতে সহায়তা করে। ফলে মলত্যাগ সহজ হতে পারে।
ছোট পরিবর্তনেই মিলতে পারে স্বস্তি
কোষ্ঠকাঠিন্য কমাতে খাবারের পাশাপাশি পর্যাপ্ত পানি পান, নিয়মিত হাঁটা বা শারীরিক পরিশ্রম এবং আঁশযুক্ত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য থাকলে কিংবা মলত্যাগের সময় রক্তপাত, তীব্র পেটব্যথা বা অস্বাভাবিক ওজন কমার মতো উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
বিএইচ