
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রামিসা হত্যার বিচারের মতো অপ্রতিম হত্যার বিচারও দ্রুত করতে সব ধরনের সহযোগিতা করা হবে। বিচার করবে আদালত, আর সরকার প্রয়োজনীয় সহযোগিতা করবে।
রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপ্রতিমের হত্যাকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোনটি সন্দেহভাজন আসামি তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।
প্রসঙ্গত, মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম। এরপর আর বাড়ি ফেরেনি সে। নিখোঁজের এক দিন পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণে লালমাই পাহাড়ের গভীরে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তুহিন, আনাস ও ফাহিম নামের তিন তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে রোববার সকাল সোয়া ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতিতে অপ্রতিমের দাফন সম্পন্ন হয়। এর আগে সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় তারা অপ্রতিমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বিএইচ