
এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে একাধিক গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি ঋতুপর্ণা চাকমারা। ফলে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। এই ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই শেষ হলো বাংলাদেশের এশিয়ান গেমস অভিযান।
ম্যাচের শুরুতেই গোলের সুযোগ পেয়েছিল মিয়ানমার। ১০ মিনিটের মাথায় বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমাকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।
৩৮ মিনিটে গোলের সুযোগ আসে বাংলাদেশের সামনে। মিয়ানমারের ডিফেন্ডারের ভুলে বক্সের সামনে বল পেয়ে যান ঋতুপর্ণা চাকমা। তবে তাঁর দ্রুতগতির শট মিয়ানমারের পোস্টের সামান্য ওপর দিয়ে চলে যায়।
মিয়ানমারের বিপক্ষে বাংলাদেশের আগের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঋতুপর্ণার। গত বছর মিয়ানমারের মাটিতে তাঁর জোড়া গোলেই জয় পেয়েছিল বাংলাদেশ। মিয়ানমার লিগে খেলার সুবাদে দেশটির অনেক ফুটবলারের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও রয়েছে এই ফরোয়ার্ডের। এদিনও মাঠে সক্রিয় ছিলেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে বাজে ট্যাকলের শিকার হলেও পুরো ম্যাচ খেলেছেন ঋতুপর্ণা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি বাংলাদেশ। বরং ৭৭ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করে মিয়ানমার। রুপ্না চাকমাকে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি তারা।
ম্যাচের শেষ দিকে মিয়ানমার নিয়ন্ত্রণ ধরে রাখলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ।
গত আসর থেকে এশিয়ান গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। হাংজু এশিয়ান গেমসে জাপান ও ভিয়েতনামের কাছে হারলেও নেপালের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। এবারও একটি ড্র নিয়েই গ্রুপ পর্ব শেষ করতে হলো দলটিকে।
মিয়ানমারেরও সংগ্রহ এক পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় বাংলাদেশ গ্রুপের চতুর্থ দল হিসেবে এশিয়ান গেমস থেকে বিদায় নিল।
বিএইচ