
ভোলার লালমোহনে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অভিনয় ও চিত্রাঙ্কনে দ্বিতীয় স্থান অর্জন করেছে লর্ড হার্ডিঞ্জ হাইস্কুলের দুই শিক্ষার্থী অনুরাধা ও তাসপিয়া ইসলাম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন করে।
মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অভিনয় প্রতিযোগিতায় লর্ড হার্ডিঞ্জ হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী অনুরাধা দ্বিতীয় স্থান অর্জন করে। একই পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তাসপিয়া ইসলামও দ্বিতীয় স্থান অর্জন করে। একই প্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সাফল্যের অনুভূতি জানিয়ে অনুরাধা বলেন, নজরুলের সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালোভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে উৎসাহিত করবে।
তাসপিয়া ইসলাম বলেন, চিত্রাঙ্কনে দ্বিতীয় হতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে নজরুলের সাহিত্য ও ভাবধারা সম্পর্কে জানার সুযোগ হয়েছে। ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব।
লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা মো: জিহাদ আসলাম বলেন, আমার শিক্ষার্থীদের অসাধারণ সাফল্যে তাদের সাংস্কৃতিক দক্ষতা বিকাশে ভূমিকা রাখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই অর্জনের পেছনে রয়েছে তাদের একাগ্রতা, নিয়মিত অনুশীলন, অধ্যবসায় এবং নিজের সেরাটা দেওয়ার নিরন্তর চেষ্টা।
তিনি আরও বলেন, লর্ড হার্ডিঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের এমন অর্জন সত্যিই পরম আনন্দের। তাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও আনন্দিত করেছে এবং ভবিষ্যতে তাদের অনুপ্রেরণা জোগাবে-এটাই প্রত্যাশা। এই প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা শিক্ষার্থীদের মধ্যে আরও বিস্তার লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে এসব প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। অভিনয় ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের সঙ্গে নজরুলের সাহিত্য ও চিন্তার পরিচয় আরও গভীর করার লক্ষ্যে বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্মের পাশাপাশি তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনার সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করাও এসব আয়োজনের অন্যতম উদ্দেশ্য। শিক্ষার্থীদের সরাসরি সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করার ফলে তারা একদিকে নজরুলের সৃষ্টিকর্ম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে, অন্যদিকে নিজেদের সৃজনশীল প্রতিভা প্রকাশের ক্ষেত্রও তৈরি হচ্ছে।
লালমোহনের এ আয়োজনে অনুরাধা ও তাসপিয়ার সাফল্য সেই সাংস্কৃতিক চর্চারই একটি প্রতিফলন। অভিনয় ও চিত্রাঙ্কনে দ্বিতীয় স্থান অর্জনের মধ্য দিয়ে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি লর্ড হার্ডিঞ্জ হাইস্কুলের জন্যও বয়ে এনেছে গর্বের অর্জন।
বিএইচ