
বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্প খাতের প্রয়োজনের সঙ্গে যুক্ত করে অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখার মাধ্যমে টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ইউজিসি-একাডেমিয়া কোলাবোরেশন: বর্তমান সরকার ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক সেমিনারে মূল বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের চাহিদার সঙ্গে যুক্ত করা গেলে নতুন প্রযুক্তি, পণ্য ও সেবা উদ্ভাবনের পাশাপাশি সেগুলোর বাণিজ্যিকীকরণের সুযোগ তৈরি হবে। যৌথ গবেষণা, শিল্পের অর্থায়নে গবেষণা, যৌথ গবেষণাগার এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আরও প্রয়োগমুখী করা সম্ভব।
গবেষণার ফল বাণিজ্যিকীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, গবেষণা থেকে উদ্ভাবন, উদ্ভাবন থেকে নমুনা পণ্য, নমুনা পণ্য থেকে বাণিজ্যিকীকরণ এবং বাণিজ্যিকীকরণ থেকে কর্মসংস্থান—এই ধারাবাহিকতাই হওয়া উচিত মূল লক্ষ্য।
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের এই সদস্য বলেন, পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, পাঠ্যক্রম ও গবেষণার সমন্বয় করা জরুরি। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপ ও শিক্ষানবিশ কার্যক্রম চালুর পাশাপাশি শিল্পের চাহিদাভিত্তিক পাঠ্যক্রম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে কার্যকর ক্যারিয়ার সেন্টার প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিল্পপ্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম উন্নয়ন, অতিথি শিক্ষকতা, পরামর্শক হিসেবে কাজ এবং প্রকল্প তদারকিতে যুক্ত করার ওপর গুরুত্ব দেন অধ্যাপক মামুন। একই সঙ্গে তৃতীয় ভাষা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগের কথাও জানান তিনি। সরকারের নির্বাচনী ইশতেহারে তৃতীয় ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী হওয়ার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে অধ্যাপক মামুন বলেন, ‘আমি কোথায় চাকরি পাব’—এই চিন্তার বাইরে গিয়ে শিক্ষার্থীদের ভাবতে হবে, তাঁরা কোন সমস্যার সমাধান করতে পারেন, কী পণ্য বা সেবা তৈরি করতে পারেন এবং কীভাবে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
ক্যাম্পাস থেকেই উদ্ভাবক ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রতিযোগিতামূলকভাবে ‘সিড ফান্ডিং’ বা ‘ইনোভেশন গ্রান্ট’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন ইনস্টিটিউট’ এবং ‘সায়েন্স পার্ক’ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সৃজনশীল শিল্পের ক্ষেত্রেও বিশ্ববিদ্যালয় ও শিল্প খাতের সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। অধ্যাপক মামুন জানান, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ তহবিলের জন্য ৫০০ কোটি টাকা এবং সৃজনশীল অর্থনীতি খাতের উন্নয়নে প্রাথমিকভাবে ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া সৃজনশীল অর্থনীতির জন্য বাংলাদেশ ব্যাংকের সিএসআর খাত থেকে আরও ৫০০ কোটি টাকা সংগ্রহের পরিকল্পনার কথাও তিনি জানান।
বিজ্ঞান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় দেশে ও বিদেশে থাকা বাংলাদেশি বিজ্ঞানীদের একটি প্ল্যাটফর্মে এনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার উদ্যোগের কথাও জানান ইউজিসি সদস্য। তাঁর মতে, বিশ্ববিদ্যালয় কেবল ডিগ্রি প্রদানের প্রতিষ্ঠান নয়; জ্ঞান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে সমাজ ও অর্থনীতির বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোও এর গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অধ্যাপক মামুন আরও জানান, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারে ইউজিসি ও সরকার যৌথ গবেষণা, গবেষণায় অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এ ধরনের সহযোগিতায় ইউজিসির অর্থায়নের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে। বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প, প্রযুক্তি প্রতিষ্ঠান, স্টার্টআপ ও সৃজনশীল শিল্পের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্ব বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি জানান, একাডেমিয়া ও শিল্প খাতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করতে আগামী নভেম্বরের শেষ সপ্তাহে ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ডে’ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী ও ট্রেজারার অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। সভাপতিত্ব করেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
বিএইচ