এসিআইয়ের নতুন যৌথ কোম্পানি গঠন, ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৯ ১০:৫০:৪৯


পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন একটি যৌথ উদ্যোগের কোম্পানি গঠনের পাশাপাশি বিদ্যমান একটি যৌথ উদ্যোগে আরও ৬০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত কোম্পানির ২৩২তম বোর্ড সভায় “এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড” নামে একটি যৌথ উদ্যোগ কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এই কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ‘অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি’ ৬০% শেয়ারের মালিকানা ধারণ করবে।

একই বোর্ড সভায় কোম্পানির বিদ্যমান যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান “এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড”-এ অতিরিক্ত ৬০ কোটি টাকা ইকুইটি বিনিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এই বিনিয়োগটি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে কার্যকর করা হবে।

 

এসকেএস