মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামের ৭ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির এর ছোট ভাই মনাই মিয়া (৬৫)।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রের বরাতে জানা যায়, গত বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বাড়ির পাশে হকারের কাছ থেকে চুড়ি কেনার সময় শিশুটিকে ফুসলিয়ে নিজ বসতঘরে নিয়ে যায় অভিযুক্ত মনাই মিয়া। এ সময় শিশুটি চিৎকার করলে তার মা ও নানা ছুটে এসে তাকে উদ্ধার করেন। ততক্ষণে অভিযুক্ত পালিয়ে যায়।
পরে শিশুটিকে আহত অবস্থায় তার নানা মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তির পরামর্শ দেন।
অভিযোগ রয়েছে, ঘটনা জানাজানি হলে সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি দেখান। তার হুমকির কারণে পরিবারটি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে বিস্তারিত না জানিয়ে শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এতে ঘটনাটি ধামাচাপা পড়ে যায় বলে এলাকাবাসী অভিযোগ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, ভুক্তভোগী পরিবারটি নিরীহ হওয়ায় প্রভাব খাটিয়ে বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগের সত্যতা জানার জন্য ফতেপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুল কাদিরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বিষটি আমার জানা নেই, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এনজে