
বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিওয়াতি। এ সময় দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সাক্ষাতে গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান।
এ সময় দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরি পোশাকের পাশাপাশি ইলেকট্রনিক্স সামগ্রী, ওষুধসহ বিভিন্ন পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে ইন্দোনেশিয়ার দূতাবাসের মিনিসটার কাউন্সেলর ওয়াহিউ রিয়াদি, থার্ড সেক্রেটারি/ইকোনমিক অ্যাফেয়ার্স রবি ফিরলি হারখা এবং অফিসার সাপতো রুদিয়ান্তো উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মো. হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।
এএ