
দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি একদিন বাড়ানো হয়েছে। আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর আগে থেকেই সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর পরের দিন ২২ অক্টোবর ছিল কর্মদিবস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওই দিনও ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি থাকছে।
ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি ছুটি উপভোগের সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।
এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে এ ছুটির সমন্বয়ে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।
চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।
বিএইচ