
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধি রোধের পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগে পূর্ণ স্বচ্ছতা আনার সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে টিসিবি কার্ডসহ বিভিন্ন সেবামূলক সুবিধা যেন কোনো অসচ্ছল ব্যক্তি থেকে বঞ্চিত না হয়ে প্রকৃত প্রাপ্যদের হাতে পৌঁছায়, সে লক্ষ্যে একটি সমন্বিত প্রক্রিয়া অবলম্বনেরও পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সংসদ ভবনে কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর, মো. বরকত উল্লাহ বুলু, হেলেন জেরিন খান, মোহাম্মদ কামাল হোসেন, গাজী এনামুল হক এবং আব্দুল মুনতাকিম অংশগ্রহণ করেন। বৈঠকে বাণিজ্য সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের প্রধানরাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে গত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। এরপর কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের জনবল, কার্যাবলী, উল্লেখযোগ্য অর্জন এবং আমদানি-রপ্তানি ও সরকারের পরিচালনা ব্যয়ের প্রতিবেদন পেশ করা হয়। গত তিন বছরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য এবং স্থানীয় খুচরা বাজার মূল্যের ব্যবধানের ওপর বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয়।
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের অনুসন্ধান, তদন্ত, রায় ও আদেশের ফলে বাজারে প্রতিযোগিতা বিরোধী চুক্তি, যোগসাজশ, কৃত্রিম সংকট সৃষ্টি, সরবরাহ নিয়ন্ত্রণ ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মতো কার্যক্রম নিরুৎসাহিত করার চেষ্টা অব্যাহত রয়েছে বলে কমিটিকে অবহিত করা হয়। বিশেষ করে ভোজ্য তেল, ডিম, মুরগি, আটা, ময়দা, চাল, পেঁয়াজ ও আলুর মতো নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে কমিটি।
কমিটি বিদেশে বাণিজ্য মিশনে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের ভাষা জ্ঞান ও অভিজ্ঞতা বিবেচনার নির্দেশনা দিয়েছে। এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রমে ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।
টিসিবি কার্ডসহ অন্যান্য সেবামূলক কার্ড বিতরণে সমন্বিত পদ্ধতি অনুসরণ এবং প্রকৃত প্রাপকদের কাছে এসব কার্ড পৌঁছানো নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। একই সঙ্গে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রম ও চুক্তি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। দেশের সর্বস্তরে সেবার মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।
বিএইচ