জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি আজ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পলককে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করে ৮ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পলকের একটি মামলার কার্যক্রম থাকায় তাকে ওইদিন আদালতে হাজির করা সম্ভব হয়নি বলে রাষ্ট্রপক্ষ আদালতকে জানিয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিবিদ্ধ হন ট্রাকচালক মো. হোসেন। গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত হোসেনের মা রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনকে আসামি করে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অন্যদের আসামি করা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চার আসামি বর্তমানে কারাগারে রয়েছেন। ১০ আসামি জামিনে রয়েছেন। অন্য কয়েকজন আসামি পলাতক।
অভিযোগপত্র দাখিলের পর মামলাটি বর্তমানে অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। আজকের শুনানিতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদালত পরবর্তী আদেশ দেবেন।
এনজে