পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশলী খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি ১ একর ৩৮ দশমিক ০৮ শতাংশ জমি ক্রয়ের ঘোষণা দিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য নারায়ণগঞ্জের মদনপুরে দুটি পৃথক চুক্তিতে জমি ক্রয় করবে কোম্পানিটি। জমি দুটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি ক্রয় করবে। নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন এ জমির জন্য আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে মোট ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে কোম্পানিটি।
এ ছাড়া একই মৌজায় আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমির বিক্রেতা সেলিম আহমেদ গং। জমিটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।
জমি ক্রয়ের পাশাপাশি নিবন্ধন ব্যয়, মূল্য সংযোজন কর (মূসক), কর এবং অন্যান্য ফি ও খরচও বহন করবে তারা। ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে এসব জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
এসকেএস