আফ্রিকার দেশ সুদানের ইথিওপিয়া সীমান্তবর্তী ব্লু নাইল অঞ্চলে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় ৪১ জন নিহত হয়েছেন। বিবিসি জানায়, শুক্রবার আবু শান্দি এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি শিবিরে এ হামলা চালানো হয়।
ইমার্জেন্সি লইয়ার্স নামের একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির দাবি, হামলাটি চালিয়েছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তর (ওচা) জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু।
ওচা এক বিবৃতিতে বলেছে, ‘ভয়াবহ এসব খবর শুনে আমরা মর্মাহত।
’ সংস্থাটি আরো জানায়, গত কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় ধারাবাহিক হামলা চলছে। এতে হাজারো বেসামরিক মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। আরো অনেক মানুষ গুরুতর ঝুঁকির মধ্যে রয়েছেন।
সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে ২০২৩ সাল থেকে ক্ষমতার লড়াই চলছে।
এই সংঘাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন ১ কোটি ৪০ লাখের বেশি মানুষ।
দীর্ঘদিনের এই সংঘাতে সুদানে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। দেশটিতে লাখ লাখ মানুষের চিকিৎসাসেবা প্রয়োজন।
সুদানের মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনীর হাতে।
অন্যদিকে, আরএসএফের প্রধান ঘাঁটি পশ্চিমাঞ্চলের দারফুরে। দক্ষিণাঞ্চলের কিছু এলাকাও তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সুদানের সেনাবাহিনী ও আরএসএফ—উভয় পক্ষের বিরুদ্ধেই ড্রোন হামলা চালানোর অভিযোগ রয়েছে।
এনজে