
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুখসানা পারভীনের করা যৌন হয়রানির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীন। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১১জন শিক্ষক আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমীন দাবি করেন, আমার বিরুদ্ধে যৌন হয়রানীর যে অভিযোগ আনা হয়েছে, তা বানোয়াট ও ভিত্তিহীন। আমরা বিভাগের ১১ জন শিক্ষক ওই শিক্ষিকা ও বিভাগের সভাপতির বিভিন্ন অনৈতিক কর্মকা-ের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ করেছি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ষড়যন্ত্র করে আমাদের সকলের নামে নানা অভিযোগ করছে ওই শিক্ষিকা। আমার নামে যে যৌন হয়রানীর অভিযোগ আনা হয়েছে তার কোনো প্রমাণ ওই শিক্ষিকা দিতে পারবে না। তাই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
এসময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুর রহমান, এক্রাম উল্ল্যাহ হক, সহযোগী অধ্যাপক তারেক নুর ও এম মাহমুদুর রহমানসহ ১১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
ঘটনার তদন্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অদ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, বিষয়টি তদন্ত করার জন্য প্রশাসন থেকে খুব দ্রুত তদন্ত কমিটি গঠন করা হবে। ওই বিভাগে যে অভ্যান্তরীণ সমস্যাগুলো সৃষ্টি হয়েছে তা সমাধানের যথাযথ পদক্ষেপ অতিদ্রুত নেয়ার বিষয়ে প্রশাসন থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান বরাবর এক অভিযোগপত্রে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুহুল আমীনের বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ করেন বিভাগের সহকারী অধ্যাপক রুখসানা পারভীন।
সানবিডি/রাবি/হৃদয়/এসএস