সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় আরও হামলা চালানোর হুমকি দিয়েছে হুথিরা। এর আগে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তরে হামলা চালায় তারা।
হুথিরা বলেছে, সৌদি আরবের যেসব স্থাপনা হামলার লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে, সেগুলো বৈধ লক্ষ্যবস্তু। ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার জবাব হিসেবেই তারা এসব আক্রমণ চালাচ্ছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের প্রেক্ষাপটে ইয়েমেনের যুদ্ধ নতুন করে তীব্র হয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে সৌদি আরবে হুথিদের হামলার পরিধিও বেড়েছে। গত শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় ১৩ জন নিহত হন।
বিষয়টি সম্পর্কে অবগত তিন ব্যক্তি জানিয়েছেন, মঙ্গলবার রাতে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর সদর দপ্তরে হামলার পর আগুন ছড়িয়ে পড়ে। ভবনটির কয়েকটি তলায় আগুন ছড়িয়ে পড়েছিল বলে তাদের দাবি। তবে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় সীমিত পরিসরে আগুন লেগেছিল।
সূত্রগুলোর দুজনের ভাষ্য অনুযায়ী, হামলার পরও আরামকোর কার্যক্রম স্বাভাবিক ছিল। কর্মীরা বাড়ি থেকে কাজ করছিলেন। এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাওয়ার অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি আরামকো।
বুধবার (১৪ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রিয়াদের দিকে যাওয়ার পথে প্রতিহত করা হয়েছে। একই সময়ে সৌদি রাজধানীতে কয়েকটি বিকট শব্দ শোনা যায়।
সূত্র: রয়টার্স
এনজে