
চলতি মাস অক্টোবরের ১৪ দিনে ১৫১ কোটি ৬০ লাখ (১.৫১ বিলিয়ন) ডলারের রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ১৮ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, অক্টোবর মাসের ১৪ দিনে ১৫১ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা তার আগের মাসের একই সময়ে এসেছিল ১৩৫ কোটি ১০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়েছে প্রায় ১৬ কোটি ৫০ লাখ ডলার বা ১২ দশমিক ২ শতাংশ বেশি এসেছে এখন পর্যন্ত।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে ১০১০ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে ৮৯৩ কোটি ৭০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।
এর আগে সদ্য বিদায় সেপ্টেম্বর মাসের পুরো সময়ে দেশে মোট ২৭৬ কোটি ৬০ লাখ (২.৭৬ বিলিয়ন) মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। আর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থবছরের পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার আর ২০২৪-২৫ অর্থবছরে এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
এএ