
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের শীর্ষ গন্তব্য জার্মানিকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে স্পেন। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে স্পেনে রপ্তানি বেড়েছে প্রায় ১৪ শতাংশ। শুধু এই একটি বাজার থেকেই এসেছে ইইউতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির মোট প্রবৃদ্ধির প্রায় ৮৮ শতাংশ। বিপরীতে, জার্মানি ও ফ্রান্সের বাজারে রপ্তানি কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য বলছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর সময়ে বাংলাদেশ স্পেনে ১১৪ কোটি ৮৪ লাখ ৬০ হাজার ডলারের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি করেছে। একই সময়ে জার্মানিতে রপ্তানি হয়েছে ১১২ কোটি ২৯ লাখ ৮০ হাজার ডলারের পোশাক। এর আগের অর্থবছরের একই সময়ে চিত্রটি ছিল উল্টো। তখন জার্মানিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছিল ১১২ কোটি ৪৭ লাখ ডলারের, আর স্পেনে রপ্তানি হয়েছিল ১০০ কোটি ৯৮ লাখ ৪৪ হাজার ডলারের, যা ইউরোপের বাজারগুলোর মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির চিত্রে নতুন সমীকরণ তুলে ধরছে।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। এ সময়ে রপ্তানি ৪৭৪ কোটি ৬১ লাখ ডলার থেকে বেড়ে ৪৯০ কোটি ৪০ লাখ ২০ হাজার ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ রপ্তানি বেড়েছে ১৫ কোটি ৭৯ লাখ ২০ হাজার ডলার। এর মধ্যে স্পেনের বাজারেই রপ্তানি বেড়েছে ১৩ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার, যা ইইউতে মোট নিট রপ্তানি বৃদ্ধির প্রায় ৮৮ শতাংশ।
শুধু সেপ্টেম্বর মাসের হিসাবেও রপ্তানিতে প্রবৃদ্ধির গতি ছিল আরও বেশি। এ মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৫ দশমিক ৫৩ শতাংশ বেড়ে ১৪১ কোটি ১ লাখ ১০ হাজার ডলারে পৌঁছেছে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পাঁচটি বাজারের মধ্যে তিনটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। এর মধ্যে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ দশমিক ৭৩ শতাংশ, নেদারল্যান্ডসে ৯ দশমিক ০২ শতাংশ এবং পোল্যান্ডে ৫ দশমিক ৭৭ শতাংশ। পোল্যান্ডের বাজারে শুধু সেপ্টেম্বর মাসেই রপ্তানি বৃদ্ধির হার ছিল ৩০ দশমিক ২৫ শতাংশ, যা সর্বোচ্চ মাসিক প্রবৃদ্ধি।
অন্যদিকে, জার্মানির বাজারে রপ্তানি ০ দশমিক ১৫ শতাংশ কমেছে। ফ্রান্সে কমেছে ৪ দশমিক ৯১ শতাংশ। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি সম্মিলিতভাবে ২ দশমিক ২৪ শতাংশ কমেছে।
এএ